ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ১৬ জুন ২০২১
আপডেট: ২১:০৫, ১৬ জুন ২০২১

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশ, ওআইসি ও বিশ্বের জন্য নিরন্তর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোহিঙ্গা সম্প্রদায় যাতে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারে সে লক্ষে পদক্ষেপ নিতে তিনি ওআইসির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৬ জুন) কাজাখ রাজধানী নুর সুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে এক ভার্চুয়াল ভাষণে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা সবাই জানেন যে, সিএফএম সম্পর্কিত প্রস্তাব অনুযায়ী ওআইসি গণহত্যা কনভেনশনের অধীনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মায়ানমার সরকারকে ২০১৯ সালের আন্তর্জাতিক আদালতে নিয়ে আসতে সক্ষম হয়, যার মাধ্যমে আদালত সর্বসম্মতভাবে মিয়ানমারের বিরুদ্ধে অস্থায়ী ব্যবস্থা জারি করেছে।’

আবদুল হামিদ বলেন, ‘এরমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, গাম্বিয়ার প্রেসিডেন্ট এবং ওআইসি মহাসচিব ২০২০ সালের জুলাই মাসে একটি যৌথ চিঠি জারি করে সকল সদস্য রাষ্ট্রকে এই মামলার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় আইনি ব্যয় বহনের জন্য স্বেচ্ছাসেবক তহবিলে অবদান রাখার আহ্বান জানান।’

স্বাধীন স্বদেশভূমি এবং একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার উপলব্ধি করে বাংলাদেশের অদম্য অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রপতি। বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর বারবার হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ শোকাহত এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’

আবদুল হামিদ বলেন, ‘যখন বিশ্ব এক ভয়াবহ মহামারির মধ্য দিয়ে যাচ্ছে, এরফলে জীবন ও জীবিকার অভূতপূর্ব ক্ষতি হয়েছে, এ অবস্থার মধ্যে ফিলিস্তিনের ভাই-বোনেরা মানব সৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়ে আমাদের কাছ থেকে সমন্বিত প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ আশা করছে।’

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘বাংলাদেশ বৈজ্ঞানিক গবেষণা, টেকসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি, খাদ্য ও কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ,মানবসম্পদ উন্নয়ন, ব্লু ইকোনমি এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছে।’

মুসলমানরা এক সময় বিজ্ঞান ও প্রযুক্তিতে নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ, বিজ্ঞান গবেষণায় বিনিয়োগ এবং নতুন পথের অনুসন্ধান, চতুর্থ শিল্প বিপ্লবের আগমনে জীবনের সকল ক্ষেত্রে উদ্ভাবনায় সমন্বিত ও নিবেদিত গবেষণা ও উন্নয়নে জড়িত থাকার ওপর জোর দেন।

কাজাখ প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ, ওআইসি মহাসচিব ড. ইউসুফ আহমেদ আল-ওথাইমিন এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, পররাষ্ট্র মন্ত্রীবর্গ সম্মেলনে যোগ দিয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়