ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ১৭ জুন ২০২১
আপডেট: ২২:৩৯, ১৭ জুন ২০২১

নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রবাসীর আবেদন

চাঁদাবাজির প্রতিকার ও পরিবারের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন এক নরওয়ে প্রবাসী। তার নাম হাবিবুল হক। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা। 

প্রবাসী হাবিবুলের অভিযোগ, নরওয়ে থেকে ছুটিতে দেশে আসার পর সাটুরিয়ার কিছু ‘সন্ত্রাসী’ প্রতিনিয়ত তার কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় তার ওপর একাধিকবার হামলা হয়েছে। এখন সন্ত্রাসীরা তার পৈতৃক জায়গা-জমি দখল করে নিচ্ছে। এসব ঘটনায় সাটুরিয়া থানা পুলিশ তার সাধারণ ডায়েরি (জিডি) নিচ্ছে না।

এদিকে পুলিশ বলছে, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেননি হাবিবুল। এজন্য আইনি ব্যবস্থা নেয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, গত ১৩ জুন সার্বিক সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দফতরে আবেদন করেন হাবিবুল হক।

আবেদনে তিনি লিখেছেন, এক বছর আগে ছুটিতে দেশে আসার পরপরই স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা গভীর রাতে বড় বড় পাথর ও ইট দিয়ে তার বাড়িতে ঢিল মারে। সিসি টিভি ক্যামেরা খুলে নিয়ে যায়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করে। বাড়িঘরে ভাঙচুর চালায়। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সাটুরিয়া থানায় গেলেও পুলিশ জিডি নেয়নি। সবশেষ গত ১২ মে সাটুরিয়া থানার পাশে নিজ সম্পত্তি দেখতে গেলে স্থানীয় মতিয়ার রহমান, আতোয়ার রহমান, আব্দুল্লাহ, মো. সজলসহ সাত থেকে আটজন তার ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে।

তাই নিজের এবং পরিবারের নিরাপত্তার অভাববোধ করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ওই আবেদন পাঠান হাবিবুল হক।

এ বিষয়ে হাবিবুল হক সংবাদ মাধ্যমকে বলেন, নিরাপত্তাহীনতায় আমার স্ত্রী-সন্তান দূরে পালিয়ে থাকে। আমি জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে অবস্থান করায় তারা আমাকে হত্যার নানা অজুহাত খুঁজতে থাকে। পুরো ঘটনা সাটুরিয়া থানার ওসি বরাবর জানিয়েছি। এক বছর ধরে জিডি গ্রহণের জন্য বারবার আবেদন করে আসছি। কিন্তু তিনি জিডি নেননি। এতে এখন তারা আরো বেপরোয়া হয়ে গেছে। আমিও এক প্রকার গৃহবন্দি অবস্থায় আছি।

তিনি বলেন, আমরা চার ভাই-বোনের সবাই নরওয়ে থাকি। সাটুরিয়ায় বাবার শত বিঘার বেশি জমি রয়েছে। স্থানীয়রা তা দখল করে খাচ্ছে। এখন তারা চায় না আমরা দেশে আসি। তাই সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা করছে তারা। পুলিশের সহযোগিতা চেয়ে বারবার আবেদন করলেও কারো সহযোগিতা পাচ্ছি না।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, হাবিবুল হকের সঙ্গে তার প্রতিবেশীদের দ্বারা হুমকির ঘটনা ঘটছে। কিন্তু তিনি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেননি। তাই আইনি ব্যবস্থা নিতে পারিনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়