ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ১৭ জুন ২০২১
আপডেট: ২২:৩৬, ১৭ জুন ২০২১

শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর চিন্তা করছে সরকার

সারা বছর অনলাইনে শ্রেণি পাঠদানের জন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালু করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের এমপি শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী একথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, সারাবছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশ নিতে পারে সেজন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালু করার বিষয় বিবেচনাধীন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকারভিত্তিতে দ্রুততম সময়ে মধ্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার আওতায় নিয়ে আসা হবে। এ টিকাদান কর্মসূচি আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। আবাসিক শিক্ষার্থীদের টিকাদানের পর হল খুলে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের ক্ষতিপূরণে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত করে তা বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষাও নেয়া হচ্ছে।

আওয়ামী লীগের সদস্য সহিদুজ্জামানের আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। নীতিমালার আলোকে যোগ্যতার ভিত্তিতে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়