ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ১৯ জুন ২০২১
আপডেট: ২৩:৫১, ১৯ জুন ২০২১

দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

চীন থেকে আসা সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে বাংলাদেশে। ঢাকা ছাড়াও প্রতিটি জেলায় একটি কেন্দ্রে শনিবার (১৯ জুন) সিনোফার্মের টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকেই সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাকেন্দ্রগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

ঢাকা জেলায় চারটি মেডিকেল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। সেগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন শুধুমাত্র তারাই সিনোফার্মের টিকা পাবেন। এ পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ পেয়েছেন। এই টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন প্রায় ১৫ লাখ মানুষ। তাঁদের দ্বিতীয় ডোজ হিসেবে সিনোফার্ম বা ফাইজারের টিকা দেওয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, ১০ ধরনের মানুষকে এই সিনোফার্মের টিকা প্রদানে দেওয়া হচ্ছে অগ্রাধিকার। 

  • বাংলাদেশে বসবাসরত সব চীনা নাগরিক এই টিকা পাবেন।
  • নির্ধারিত টিকাকেন্দ্রে ইতিমধ্যে নিবন্ধন করা ব্যক্তিরা, যারা এখনো কোনো টিকা পাননি, তারা টিকা পাবেন।
  • সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যদের এই টিকা দেওয়া হবে।
  • জনশক্তি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মীরা এই তালিকায় আছেন।
  • অগ্রাধিকারের তালিকায় আছেন সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, সরকারি নার্সিং ও মেডিকেল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
  • জাতীয় গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা এই টিকা পাবেন। প্রকল্পের তালিকায় আছে পদ্মা সেতু প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প, রূপপুর বিদ্যুৎ প্রকল্প ও রামপাল বিদ্যুৎ প্রকল্প।
  • এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী এবং কোভিড-১৯ মৃতদেহ সৎকারে জড়িত ব্যক্তিরা সিনোফার্মের এই টিকা পাবেন।

গত ১২ মে বাংলাদেশ চীনের কাছ থেকে উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা বুঝে পেয়েছে। এর মধ্যে উপহারের এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া শুরু করেছে সরকার। গত ১৩ জুন বাংলাদেশ বিমানবাহিনীর দুটি উড়োজাহাজ চীন থেকে আরও ছয় লাখ ডোজ সিনোফার্মার টিকা নিয়ে এসেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়