ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ১৯ জুন ২০২১
আপডেট: ২২:১৭, ১৯ জুন ২০২১

অমির তিন সহযোগী কারাগারে

জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির তিন সহযোগীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। 

শনিবার (১৯ জুন) তিন দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর বিমানবন্দর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি আসামি নাসির উদ্দিন মাহমুদ (৬৫) ও তুহিন সিদ্দিকী অমির (৩৩) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়াও আদালত অন্য তিন আসামি লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধার (২৪) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ জুন দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে মামলাটি করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়