ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫২, ১৯ জুন ২০২১
আপডেট: ২৩:৫৪, ১৯ জুন ২০২১

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (২০ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

শনিবার (১৯ জুন) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২০ জুন থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১৫১৬ টাকা কমানো হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, আমরা সব সময় বিশ্ববাজারের সঙ্গে আপডেট থাকার চেষ্টা করি। গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড়পতন হয়েছে। এ কারণে ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকা বিক্রি হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়