ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৩, ২০ জুন ২০২১
আপডেট: ২৩:২৩, ২০ জুন ২০২১

করোনায় আক্রান্ত ইসি মাহবুব তালুকদার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রোববার রাতে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদার নিজেই। তিনি জানিয়েছেন, আমার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।

মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দিন বলেন, নির্বাচন কমিশনার কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।

ইসি সূত্রে জানা গেছে, মাহবুব তালুকদার শনিবার গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে তাপমাত্রা ১০৩ ডিগ্রি উঠে যায়। ওই অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এদিন তার শরীরের তাপমাত্রা কমেছে।

মাহবুব তালুকদার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ও মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দেন। এ সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে উপসচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির স্পেশাল অফিসার নিযুক্ত করেন।

রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর সময়ে তিনি তার জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর মাহবুব তালুকদার তার সহকারী প্রেস সচিব (উপসচিব) এর দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর নির্দেশে তাকে তদানীন্তন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করা হয় যা পরবর্তীকালে বিসিএস প্রশাসন হিসেবে রূপান্তরিত হয়। একসময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিবের পদে কর্মরত ছিলেন।

মাহবুব তালুকদার ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়