ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৮, ২০ জুন ২০২১
আপডেট: ২০:৩৬, ২১ জুন ২০২১

পদ্মা সেতুতে রেলওয়ে স্ল্যাব বসানো শেষ

দ্রুত গতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেতুতে সবগুলো স্প্যান বসানোর ৬ মাসের মাথায় এবার শেষ হলো রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ।

৬ দশমিক ১৫ কিলোমিটারের মূল সেতুতে বসানো হয়ে গেছে ২ হাজার ৯৫৯টি স্ল্যাব। গতকাল রোববার সকাল ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর পিলারের স্প্যানে শেষ রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়।

পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুর মোট ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে গেল শনিবার পর্যন্ত বসানো হয় ২ হাজার ৯৫৮টি। রোববার সকাল ৮টার দিকে সর্বশেষ ১টি স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। বেলা ১০টার দিকে সে কাজ শেষ হয়। এর মধ্য দিয়ে রেলওয়ে স্লাব বসানোর কাজ শেষ হলো।

সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্রে জানা যায়, ২৪ সেপ্টম্বর ২০১৮ সালে সেতু রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়। অর্থ্যাৎ ২ বছর ৮ মাস ২৬ দিন বা ২ বছর ৯ মাসের মাথায় বসানো হলো সবগুলো রেলওয়ে স্ল্যাব। এরপর সেতুর নিচতলায় গ্যাস পাইপ লাইন স্থাপনের পর রেললাইন বসানোর জন্য রেল লিঙ্ক প্রকল্পের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সূত্রে আরো জানা যায়, রেলওয়ে স্ল্যাব বসানোর পাশাপাশি রোডওয়ে স্লাব বসানোর কাজও এগিয়ে চলছে। সেতুর মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব মধ্যে বসানো হয়েছে ২ হাজার ৬৮৯টি। আর বাকি আছে ২২৮টি। বাকি রোডওয়ে স্ল্যাব বসানোর কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মাসেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে ২০২০ সালের ১০ ডিসেম্বর। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়