ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ২১ জুন ২০২১
আপডেট: ২০:২০, ২১ জুন ২০২১

ভোলার ১২ ইউনিয়নে নির্বাচন: বৃষ্টির মধ্যেই লম্বা লাইন ভোটারদের

সকাল থেকেই ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে। বৃষ্টির এমন বাগড়াতেও ভোটারদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ছেদ পড়েনি। বৃষ্টি মাথায় দল বেঁধে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে অপেক্ষা করছেন তারা।

এমন চিত্রই আজ সকালে দেখা গেছে ভোলার বিভিন্ন ভোটকেন্দ্রে।  ভোলা জেলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হচ্ছে গঙ্গাপুর, সাচড়া, সম্ভুপুর, চাঁচড়া, চাঁদপুর, হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া, চর মাদ্রাজ, চর কলমি, হাজারিগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।

সোমবার (২১ জুন) ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়নে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৪১টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকাল চারটায়।

দেখা গেছে, সকাল আটটার আগেই বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ছাতা আনলেও আবার অনেককে ‍বৃষ্টি ভিজে কেন্দ্রে আসতে দেখা গেছে। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত।

একই চিত্র দেখা গেছে ওই ইউনিয়নের দেউলা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও। সেখানেও ভোটররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ইতোমধ্যেই চরফ্যাশন উপজেলার ৫টি এবং বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ২৫ জন, পুরুষ সদস্য পদে ৪ শত ৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১ শত ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা সকাল থেকেই ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন। তবে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় বিভিন্ন কেন্দ্রে র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়