ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ২১ জুন ২০২১
আপডেট: ১৯:৪৫, ২১ জুন ২০২১

৪ মাস না খেয়ে কাঁচামালের কনটেইনারে ছিল অজগরটি!

কলম্বিয়া থেকে আসা শিপমেন্টের কাঁচামালের কনটেইনার থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটি তিন-চার মাস না খেয়ে কনটেইনারে ছিল। 

রোববার (২১ জুন) দুপুরে টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানা চত্বরের একটি কনটেইনার থেকে সাপটি উদ্ধার করে গাজীপুর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

এ বিষয়ে কারখানার ম্যানেজার (এডমিন) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, কলম্বিয়া থেকে কনটেইনারে আমদানি করা ইস্পাতের কাঁচামাল কারখানায় আসতে প্রায় চার মাস সময় লাগে। শনিবার ওই কনটেইনার আনলোড করতে গেলে সাপটি নজরে আসলে গাজীপুর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে খবর দেয়া হয়।  পরে তারা এসে সাপটি উদ্ধার করে। 

বন‌্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, বোয়া কনস্ট্রিক্টর জাতের এ সাপটি লম্বায় ৫-৬ ফুট। সাপটির ওজন চার কেজি। বয়স প্রায় সাত মাস। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, অজগরটি না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাই সেটিকে পার্কের ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়