ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ২৪ জুন ২০২১
আপডেট: ১৯:২৫, ২৪ জুন ২০২১

সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের পেশকার মতিউর রহমান এ তথ্য জানান।

সূত্রমতে, বুধবার (২৩ জুন) আদালতে দুদকের পক্ষে বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল পার্থের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

আবেদনে বলা হয়, জামিনে থাকা এ আসামির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ বিচারাধীন। তিনি বিদেশ চলে যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি যাতে বিদেশ যেতে না পারেন সেজন্য পুলিশের বিশেষ শাখাকে (এসবি) নির্দেশ দেওয়া জরুরি।

শুনানি শেষে আদালত দুদকের এ আবেদন মঞ্জুর করে এসবি পুলিশকে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেয়। সেই সঙ্গে সব বন্দরের ইমিগ্রেশনকে আদেশের অনুলিপি দিতে বলেন।

গত ১৭ জুন পার্থের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। ওই দিন বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপরই তাকে আটক করা হয়। পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করে দুদক।

অভিযোগপত্রে বলা হয়, বরখাস্তকৃত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ বাসস্থানে লুকিয়ে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়