ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪, ২৪ জুন ২০২১
আপডেট: ২২:০০, ২৪ জুন ২০২১

সারাদেশে শাটডাউনের সুপারিশ, যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে দিন দিন করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। এমন অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার (২৪ জুন) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাটডাউনের সুপারিশ দেয়া হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, ‘আমরা তাদের ( জাতীয় কারিগরি পরামর্শক কমিটি) সুপারিশ অ্যাকটিভ কনসিডারেশনে (সক্রিয় বিবেচনা) নেব। এটা কমানোর জন্য যেটা করা প্রয়োজন হবে আমরা সেটা করব।’

তিনি আরও বলেন, ‘সংক্রমণ যেহেতু বেড়ে যাচ্ছে, আমরা বিভিন্নভাবে তা কমানোর চেষ্টা করছি। স্থানীয়ভাবে বিধিনিষেধ দিচ্ছি, দিয়ে এটাকে কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করার চেষ্টা করছি। পরিস্থিতি বিবেচনা করে যেটা প্রয়োজন হবে সেটাই আমরা করব।’

‘যেহেতু সংক্রমণটা ঊর্ধ্বমুখী, দৈনিক সংক্রমণ ৬ হাজার ছাড়িয়ে গেছে। সরকার পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেক্ষেত্রে যেটি উপযুক্ত হবে, সেই সিদ্ধান্তই আমরা নেব।’

সরকার কতদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে—জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বিবেচনা করে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে।’

কী সিদ্ধান্ত নেয়া হতে পারে—এ বিষয়ে তিনি বলেন, ‘আগে আমাদের সংক্রমণ ৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এখনো অনেক জায়গা আছে যেখানে সংক্রমণ ১০ শতাংশের নিচে। আমরা চাইছি...ইতোমধ্যে ঢাকার আশপাশের এলাকাগুলোতে কঠোর বিধিনিষিধে দিয়েছি। তারপরও ঢাকার মধ্যে লোকজন এসে যাচ্ছে। এই যোগাযোগগুলো...। ইতোমধ্যে বাস, ট্রেন, যাত্রীবাহী নৌযান বন্ধ করা হয়েছে। পর্যবেক্ষণ করেই কিন্তু আমরা এ সিদ্ধান্তগুলো নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সংক্রমণ কমাতে পদক্ষেপ নিতে আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে। সেই অনুযায়ী যে সিদ্ধান্ত নেয়া উপযুক্ত এবং সঠিক হবে, সেটা আমরা নেব।’

উল্লেখ্য, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৮১ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৬ হাজার ৫৮ জনকে। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৩৯১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়