ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১২, ২৬ জুন ২০২১
আপডেট: ০০:২৬, ২৭ জুন ২০২১

জীবন রক্ষার্থে কঠোর লকডাউন মানতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

ডা. শারফুদ্দিন আহমেদ

ডা. শারফুদ্দিন আহমেদ

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণা অত্যন্ত সময় উপযোগী বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

একই সাথে তিনি বলেছেন, নিজের ও অপরের জীবন রক্ষার্থে সরকার ঘোষিত কঠোর লকডাউন অবশ্যই সবাইকে মেনে চলতে হবে।

শনিবার (২৬ জুন) বিএসএমএমইউ উপাচার্য গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ধরন বাংলাদেশসহ বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশের ৪০টি জেলায় রেড জোন চিহ্নিত করা হয়েছে।

তিনি আরো বলেন, সাধারণ শয্যা সংখ্যা ও আইসিইউ বেড বৃদ্ধির পরেও বিএসএমএমইউ’র করোনা ইউনিটের প্রায় সব বেডেই বর্তমানে করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। এ অবস্থায় ‘ফিল্ড হাসপাতাল’ তৈরির যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অন্যান্য হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য শয্যা সংখ্যা বাড়াতে হবে। প্রয়োজনীয় জনবলের ব্যবস্থা যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে হবে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কমপক্ষে দুই সপ্তাহ ঘরের বাহিরে একেবারেই বের হওয়া উচিত হবে না। ঘরবন্দি থাকাই সর্বোত্তম পন্থা। বিশেষ জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়াসহ সবধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়