ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

প্রকাশিত: ১১:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১১:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

জাপা'র যেন 'শেষ হয়েও হলো না শেষ'

আইনিউজ ডেস্ক: গতকালকেই সংবাদ সম্মেলন করে রংপুর আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির ইতিবৃত্ত জানানো হয়। এরপর অনেকেই ভেবেছিলেন জাপা'র গৃহ দ্বন্দের হয়তো অবসান ঘটেছে। কিন্তু তা না, এ যেন শেষ হয়েও হলো না শেষ। উপনির্বাচন নিয়ে এবার নতুন করে আবার শুরু হয়েছে জাপার গৃহ দ্বন্দ।

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ। সোমবার (৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জিএম শাহাতাব উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জাম দিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, জাতীয় পার্টির নেতারা তার প্রতি অন্যায় আচরণ করবে বুঝতে পেরেই তিনি দলীয় মনোনয়ন চাননি। এমনকি আবেদন পর্যন্ত করেননি। তবে দলের বেশির ভাগ নেতাকর্মী তার সঙ্গে আছে বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘বহিরাগত সাদ বা যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমি জয়ী হব।’

উল্লেখ্য, রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন এরশাদপুত্র সাদ। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা হওয়া নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং উপনেতা হিসেবে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নাম প্রস্তাব করে রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়া হয়।

নানা নাটকীয়তার পর জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়