ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০১৯

দুদিনেই ওঠে গেলো রাস্তায় দেওয়া সস্তা কার্পেট

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি কলেজ মোড় থেকে কেডিএস বাজার পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণের মাত্র দুই দিনের মাথায় রাস্তার কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ঝাড়বাড়ি থেকে কেডিএস বাজার পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার আধা কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ শেষ করেন নির্মাণাধীন ঠিকাদার মো. হাবিবুর রহমান হাবিব। রাস্তার যে অংশটুকুর কাজ শেষ হয়েছে, পিচ ঢালাইয়ের দু’দিনের মাথায় কার্পেটিং উঠে গেছে।

স্থানীয়দের অভিযোগ, মূলত নিম্নমানের ইট ব্যবহারের ফলেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।

কেডিএস বাজার মোড় এলাকার আবদুল সাত্তার বলেন, ‘এই রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ইটের খোয়াগুলি ভালোভাবে দেওয়া হয়নি। এলাকার লোকজন বিষয়টি জানলেও প্রতিবাদ করার সাহস পায়নি।’

কেডিএস বাজার এলাকার ভ্যান চালক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি এই রাস্তা দিয়ে সবসময় ভ্যান নিয়ে যাতায়াত করি। রাস্তা তৈরি করার জন্য যে মালামাল ব্যবহার করা হয়েছে তা খুবই নিম্নমানের। এজন্য হাত দিয়েই রাস্তার কার্পেটিং ওঠানো যাচ্ছে।’

তবে অভিযোগ অস্বীকার করে রাস্তার কাজ পাওয়া ঠিকাদার মো. হাবিবুর রহমান হাবিব দেশ রূপান্তরকে বলেন, ‘বিটুমিন হিট দিয়ে কার্পেটিং করা হয়েছে। বিটুমিন যত রোদ পাবে তত রাস্তার নিচে গিয়ে শক্ত হবে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘অনেকে না বুঝেই এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে।’

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারকে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে দেখি রাস্তার কাজ খুবই নিম্নমানের হচ্ছে। রাস্তার কার্পেটিং লোকজন হাত দিয়েই তুলে ফেলছে। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে রাস্তা তৈরির কাজ আপাতত বন্ধের নির্দেশনা দিয়েছি।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়