ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:২০, ২৪ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য পেলেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক

মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (MINUSMA) মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষায় অসামান্য অবদান ও উচুমানের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তারা এ পদক পেয়েছেন। গত ২১ সেপ্টেম্বর MINUSMA সদর দপ্তরে এ পদক প্রদান করা হয়।

শুক্রবার বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে MINUSMA পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি ছিলেন। চিফ অপারেশনস শারফাদিন মার্গিস ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে আজ এ মেডেল প্রদান করা হয়েছে।

কমান্ডার বেলাল উদ্দিন এফপিইউ সদস্যদের মেডেল পরিয়ে দেন।

কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা চলমান কোভিড-১৯ মহামারিতেও সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রেখেছেন। তিনি এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের পদক প্রদান করায় তিনি জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়