Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১৭:১৭, ১০ জুন ২০২৩

সংলাপে প্রতারিত হতে চায় না বিএনপি, ভাবছে না আওয়ামী লীগও 

আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে ব্যাপক আলোচনায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ নিয়ে কথা বললেও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এখনো বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন মনে করে না। 

সংলাপ নিয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো ধরনের আগ্রহ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। আওয়ামী লীগের সাথে সংলাপে বসে দু’বার প্রতারণার শিকার হয়েছে বিএনপি। আর প্রতারিত হতে চাই না বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে, তবে সেই ভোট হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। মির্জা ফখরুল জানান, স্বচ্ছ নির্বাচনে ১০ ভাগ ভোটও পাবে না আওয়ামী লীগ। 

বিএনপি মহাসচিব বলেন, ২০১৮’তে আমরা সংলাপে গেয়েছিলাম। দুইবার প্রতারণার শিকার হয়েছি। আর নয়। অবশ্যই নির্বাচন চায় বিএনপি। কিন্তু সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আপাতত সংলাপের কোনো ভাবনা যদিও নেই তবে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি। 

শুক্রবার (৯ জুন) রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় কাদের বলেন, ‘আশার প্রদীপ কোনো দিনও নেভে না। কিন্তু আজকে আপনি আমাদের বলতেছেন সরকারি দলকে সংলাপের কথা। আমরা আপাতত এই নিয়ে ভাবছি না। গতকাল বলেছি, সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা নেই। আমাদের কোনো চিন্তাভাবনা নেই এবং সিদ্ধান্ত নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারব। এই মুহূর্তে নেই।’ 

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বারবার একই কথা বলে। বিগত নির্বাচনে তারা পানি ঘোলা করে নির্বাচনে আসেনি। এবার কী হবে জানি না। নির্বাচন ছাড়া তাদের আগুনসন্ত্রাস তৎপরতা, নির্বাচনে বাধা দেওয়ার ইচ্ছা থাকতে পারে। তবে তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে এখন নিজেরাই ভিসা নীতির ফাঁদে পড়েছে। ভিসা নীতে এসব আগুন–সন্ত্রাস, নির্বাচনে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই নিয়ম নীতির আওতায় পড়ে। এটা শোনার পরে তাদের মুখ শুকিয়ে গেছে। মুখে যদিও বলছে না।’

অপরদিকে বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তবে সেই ভোট হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। স্বচ্ছ নির্বাচনে ১০ ভাগ ভোটও পাবে না আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব দাবি করেন, এই সরকার দুর্নীতি করে গোটা দেশকেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে; ধ্বংস করেছে অর্থনীতি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়