Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২৬ জুন ২০২৩

এবছর গরুর চামড়ার দাম ঢাকায় ৫০, ঢাকার বাইরে ৪৫ 

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এবছর কোরবানির ঈদকে সামনে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী ঢাকার ভেতরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যানারি মালিক, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় গত বছরের চেয়ে ৩ টাকা, ঢাকার বাইরে ৫ টাকা বাড়ানো হয়েছে। আর খাসি ও বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে।

তিনি জানান, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা। আর ঢাকায় ছিল ৪৭ থেকে ৫২ টাকা। এবার সার্বিক পরিস্থিতির কারণে গরুর চামড়ার দাম বাড়াতে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে খাসি এবং বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে বলেও জানান তিনি।

চামড়ার দাম কমানোর চেষ্টায় কারসাজি করা হলে সরকার রফতানির অনুমতি দেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, ‘কারসাজির মাধ্যমে চামড়ার দাম কমানো হলে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেবে।’ চামড়ার দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রশাসন মনিটরিং করবে বলেও জানান তিনি।

এসময় চামড়ায় দেওয়ার জন্য লবণের চাহিদা অনেক বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, অনেক ব্যবসায়ী লবণের দাম বাড়িয়ে দেন। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়