Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ৮ জুলাই ২০২৩
আপডেট: ১৩:০০, ৮ জুলাই ২০২৩

বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলের সদস্য নির্বাচিত

আগামী ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন মেয়াদে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। চলমান ৪৩তম এফএও কনফারেন্সে ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে ৬ জুলাই এফএও কাউন্সিলের সদস্য পদে নির্বাচন হয়।

শুক্রবার (৭ জুলাই) ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও’র কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে।

ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে চলমান ৪৩তম কনফারেন্স হাইব্রিড মাধ্যমে হচ্ছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে আছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান।

উল্লেখ্য, খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়