ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৫ এপ্রিল ২০২৪

গরমে তাপমাত্রা আরও বাড়তে পারে! 

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে বছে প্রচণ্ড দাবদাহ। প্রচণ্ড গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ সহ সমাজের সকল শ্রেণীপেশার মানুষ। এমন অবস্থায় সবাই যখন কামনা করছেন তাপমাত্রা একটু কমার তখন এ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করতে পারে। অর্থাৎ হিট অ্যালার্ট বহাল থাকবে।

এপ্রিলজুড়েই এ অবস্থা চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি হালকা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমবে না।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, এপ্রিলে তাপমাত্রা বেশি থাকে। বর্তমানে যে তাপমাত্রা রয়েছে তা আরও বাড়তে পারে। তাপমাত্রা বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করার আভাস রয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ থাকতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী দু’দিন সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একই সঙ্গে এ সময়ে তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়