Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

প্রকাশিত: ০৮:০৪, ২৭ মে ২০১৯
আপডেট: ০৯:৩৮, ২৭ মে ২০১৯

রাস্তায় দৌড় অনুশীলন করছেন সৌদি নারীরা!

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রথাগত রক্ষনশীল ধারাকে চ্যালেঞ্জ করে নারীদের ক্রীড়াঙ্গনে উপস্থিতির বিষয়টিকে জনপ্রিয় করতে রাস্তায় পুরুষদের সাথে নারীদের দৌড় অনুশীলন।

সৌদি আরবের জেদ্দা শহরে ২০১৩ সালে গঠন করা 'জেদ্দা রানিং কমিউনিটি'। সৌদি আরবে নারী ও পুরুষদের একসাথে অনুশীলনের সুযোগ করে দেয়া প্রথম গ্রুপগুলোর একটি এই জেদ্দা রানিং কমিউনিটি।

তবে নারীদের জন্য আলাদা অনুশীলনও আয়োজন করা হয়ে থাকে এই গ্রুপের পক্ষ থেকে। জেদ্দা রানিং কমিউনিটি'র সদস্য নোহা আহমেদ বলেন দৌড়ানো শুরু করার পর আমার জীবনে ১৮০ ডিগ্রি পরিবর্তন হয়েছে। আসমা এল-সাঈদ নামে গ্রুপের আরও এক সদস্য বলেন, "শুরুর দিকে রাস্তায় দৌড়াতে কিছুটা অপ্রস্তুত লাগতো, কারণ আশেপাশের মানুষজন অবাক হয়ে তাকিয়ে থাকতো।" "কিন্তু একবার আপনি যখন দৌড়ানো শুরু করবেন, তখন পৃথিবীর সবকিছু ভুলে যাবেন এবং শুধু দৌড় উপভোগ করবেন।"

এই গ্রুপের জনপ্রিয়তা দেখে সৌদি আরবের অন্যান্য শহরেও একই ধরণের গ্রুপ তৈরি হয়েছে। নোহা আহমেদ আরও বলেন, "বর্তমানে আপনি বলতেই পারেন যে, ক্রীড়াঙ্গনে সৌদি নারীরা পুরুষদের চেয়ে বেশি সুবিধা পায়। কারণ নারীদের খেলার পেছনে বর্তমানে প্রচুর গুরুত্ব দেয়া হচ্ছে।" জেদ্দা রানিং কমিউনিটির পরিচালক নাসরিন সৌদি নারীদের ক্রীড়াক্ষেত্রে সফল হিসেবে দেখতে চান। "ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের জন্য সৌদি নারীদের যেই সুযোগটি দেয়া হয়েছে, আমি চাই তারা সেটিকে কাজে লাগাক," বলেন নাসরিন।

"নারীরা চাইলে তারা যেকোনো কিছুকে সম্ভব করতে পারেন, শুধু একটু চেষ্টা প্রয়োজন।" রক্ষণশীল উপসাগরীয় রাষ্ট্র সৌদি আরব তাদের দেশের নারীদের খেলাধুলায় আগ্রহী করতে গত কয়েকবছরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারি স্কুলে নারীদের খেলাধুলার চল তৈরি করা এবং স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখার জন্য নারীদের অনুমতি দেয়ার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে নারীদের খেলাধুলায় আকৃষ্ট করতে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রথমবারের মত নারী অ্যাথলিটও পাঠায় সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবের রাস্তায় একা গাড়ি চালানোর জন্য নারীদের অনুমতি দেয়া হলেও এখনো অনেক কিছুতেই পুরুষদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় তাদের। কোন পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়া বিয়ে করা, বিয়ে ভাঙা, ভ্রমণ করা বা কারাগার থেকে ছাড়া পাওয়ারও অনুমতি নেই সৌদি নারীদের। তবে নারীদের রাস্তায় দৌড়ানোর বিষয়ে সৌদি আরবে কোন বিশেষ আইন নেই।

এসএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়