ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৯, ২০ জুন ২০২১
আপডেট: ২৩:৩৬, ২০ জুন ২০২১

মা-বাবা-বোনকে হত্যা: ৪ দিনের রিমান্ডে মেহজাবিন

রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার মেহজাবিন ইসলাম মুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার (১৯ জুন) সকালে ৯৯৯-এ এক নারীর ফোন পেয়ে কদমতলীর মুরাদপুরের লাল মিয়া সরকার রোডের একটি বাসায় গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল ইসলাম (২১)।

এ ঘটনায় শনিবার দিবাগত রাতে নিহত মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

ওসি জামাল উদ্দিন মীর বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকালই মেহজাবিন ইসলাম মুনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার স্বামী শফরকুল ইসলাম আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে। সুস্থ হলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে।

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর

 রাজধানীতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

 কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: আটক ১

‘বাবা-মা-বোনকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়েছিলেন মেহজাবিন’

কদমতলীতে মা-বাবা-মেয়েকে হত্যা: মেহজাবিন ও স্বামীর বিরুদ্ধে মামলা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়