ঢাকা, মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৩ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৪৭, ২৮ মে ২০১৯
আপডেট: ০৬:৪৭, ২৮ মে ২০১৯

সাকিবদের বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগে প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে ভারতের বিপক্ষে। বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে ম্যাচ-প্রস্তুতির শেষ সুযোগ তাই আজকের ম্যাচ। বৃষ্টির কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যাক্ত হয়। ফলে নিজেদের প্রস্তুত করতে এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের। অন্যদিকে নিজেদের প্রথম ওয়ার্মআপের অভিজ্ঞতা ভালো হয়নি ভারতেরও। প্রতাপশালী ব্যাটিং লাইনআপ নিয়েও কিউইদের কাছে কোহলিরা ৯১ রানের মধ্যেই হারিয়েছিল ৭ উইকেট। ফলে ৬ উইকেটে ম্যাচটি হারে ভারত। তাই শিরোপাজয়ে উন্মোখ ভারতেরও মূল মঞ্চের আগে প্রস্তুতি বাকি আজকের ম্যাচটিই। সোফিয়া গার্ডেনে ভারত-বাংলাদেশের ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তবে কার্ডিফের আবহাওয়া বার্তায় আজও দিনের শুরুতে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। তাই আজও ম্যাশবাহিনী মাঠে নামতে পারবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। সোমবার সোফিয়া গার্ডেনে গিয়ে তিন ঘণ্টা অনুশীলন করেছেন সাকিব-তামিমরা। তবে আজকের ম্যাচে মূল স্কোয়াডে কারা থাকবেন আর কারা বিশ্রামে যাবেন তা এখনো প্রকাশ করা হয়নি। অবশ্য চোটের কারণে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল না খেলা সাকিব আল হাসান, সাইড স্ট্রেনের ব্যথায় ভোগা রুবেল হোসেন আর সাত নম্বর পজিশনের জন্য সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের খেলা একপ্রকার নিশ্চিত। দলে অদলবদল করবে ভারতও। চার নম্বর পজিশন নিয়ে সিদ্ধান্তে না আসা কোহলির দল এ জায়গায় খেলাতে পারে আজ বিজয় শঙ্করকে। ভারত অবশ্য আজকের ওয়ার্মআপ ম্যাচের পরও প্রস্তুতির জন্য অনেক সময় পাবে। বিশ্বকাপ ৩০ মে শুরু হলেও কোহলিদের প্রথম ম্যাচ ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর আগে ২ জুন প্রোটিয়াদের বিপক্ষেই প্রথম মাঠে নামবে বাংলাদেশ। কম্বিনেশন নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও আইসিসি নির্ধারিত দুটি ওয়ার্মআপ ম্যাচের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি নিতে চেয়েছিল বাংলাদেশ। রোববারের পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আপাতত ভারত ম্যাচই ভরসা। বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাশরাফিদের মূল ম্যাচটি হবে ২ জুলাই, বার্মিংহামে। এর আগে অস্ট্রেলিয়া, উইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ফেলবে বাংলাদেশ। আর ওই সব হেভিওয়েট প্রতিপক্ষকে মোকাবেলার জন্য আত্মবিশ্বাসের শেষ রসদ নেওয়ার মাধ্যম এখন আজকের ভারত ম্যাচটিই। আজ কার্ডিফে যখন বাংলাদেশ-ভারত খেলবে, ব্রিস্টলে মুখোমুখি হবে তখন নিউজিল্যান্ড-উইন্ডিজ। এ দুটি ম্যাচ দিয়েই শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপের ওয়ার্মআপ পর্ব। বুধবার লন্ডনে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়