আইনিউজ ডেস্ক
এ নড়াইলকে আমি চিনি না: মাশরাফি
ছোটবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছেন, তার সঙ্গে বর্তমান নড়াইলকে মেলাতে পারছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেছেন, ‘গতকাল আমাদের এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে।’
আজ শনিবার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্রিকেটার মাশরাফি।
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া এলাকার এক কলেজছাত্র গতকাল বিকালে ফেসবুকে মহানবী হজরত মুহম্মদ (সা.)কে কটূক্তি করে একটি পোস্ট দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিক্ষুব্ধ লোকজন দিঘলিয়া বাজারে সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পোস্টে মাশরাফি সবার সহনশীল আচরণ প্রত্যাশা করেন।
পোস্টের শুরুতে মাশরাফি লেখেন, ‘গতকাল আমাদের এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে। সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট হয়, এমন কাজ করা থেকে দয়া করে বিরত থাকুন।’
এরপর মাশরাফি লেখেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে একনিমেষে ম্লান করে দেবেন না। ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।’
ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আজীবন শান্তি ও সম্প্রীতির দূত ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। অজ্ঞতা থেকে হোক কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কেউ যদি মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ যদি সত্যিই এমনটি করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিচার হবে।’
মাশরাফি আরও লেখেন, ‘দেশে আইন আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। কোনো পরিস্থিতিতেই আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। অভিযোগ যদি সত্যিও হয়, একজনের জন্য গোটা সমাজের নিরপরাধ মানুষদের ওপর অন্যায় করার কোনো অধিকার কারও নেই। কেউ সত্যি অপরাধ করলে তার বিচার আদালত করবেন, তবে আমি-আপনি এ জন্য কাউকে কোনো শাস্তি দিতে পারি না।
‘আমরা নিজেরা এভাবে বিভক্ত হয়ে পড়ব, আমি এটা কখনোই ভাবতে পারি না। এই নড়াইলকে তো আমি চিনি না! এক দিকে নবীর কটূক্তির কথা শুনে ধর্মপ্রাণ মুসলমানের বুকে কষ্ট, অপর দিকে আমার ঘরপোড়া সনাতন ধর্মাবলম্বী মায়ের আর্তনাদ। এ রকম নড়াইল গড়ার জন্য আমি আপনাদের সমর্থন চাইনি। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির আমার নড়াইলকে এমন কলঙ্কিত করবেন না।’
উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রীতির বাণি নিয়ে এগিয়ে আসতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান মাশরাফি। বলেন, ‘মসজিদের সম্মানিত ইমামদের আমি অনুরোধ করব, এই দুঃসময়ে আপনারা নিজ নিজ এলাকার মুসল্লিদের শান্তির ধর্ম ইসলামের বাণী বেশি বেশি শোনান। শান্তিপ্রিয় মহামানব হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের কাহিনি শোনান। নবীজির জীবনের আদর্শ, তাঁর মূল্যবান বাণী শোনান। সনাতন ধর্মাবলম্বী সম্মানিত পুরোহিতদেরও অনুরোধ করব, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী তরুণ প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিন।’
গতকালের ঘটনা শোনামাত্র তিনি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছিলেন বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘তাৎক্ষণিক নড়াইলের পুলিশ সুপার, ডিআইজি মহোদয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমার স্থানীয় নেতা-কর্মীদেরও ঘটনাস্থলে দ্রুত পাঠিয়েছি, তারা যেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। খুলনা থেকে র্যাব পাঠানো হয়েছে। এত কিছুর পরও ভীষণ দুঃখজনক কিছু ঘটনা ঘটে গেছে।’
সবশেষে মাশরাফি লেখেন, ‘এই দেশ আমাদের, এই মাটি আমাদের। এই মাটি যেন কারও জন্য অনিরাপদ না হয়, ’৭১-এর মতো বুক পেতে সবাইকে আগলে রাখতে হবে আমাদের; একমুহূর্তও সেই আদর্শ আমাদের ভুলে গেলে চলবে না।”
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























