ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১০:২৫, ২৬ মে ২০১৯
আপডেট: ১০:২৫, ২৬ মে ২০১৯

আদালত স্থানান্তরের বিরুদ্ধে খালেদার রিট আবেদন

আইনিউজ ডেস্ক: খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ আদালত পুরান ঢাকার থেকে সরিয়ে কেরানীগঞ্জে নেওয়ার প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আজ রবিবার রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা। আবেদনটির শুনানি হতে পারে সোমবার বিচারপতি ফারাহ মাহুবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে, জানিয়েছেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল। তিনি জানান, সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদবহির্ভূত পদক্ষেপ হওয়ায় এবং প্রচলিত ফৌজদারী কার্যবিধির ধারা ৯ এর (১) ও (২) উপধারাবিরোধী হওয়ায় নাইকো দুর্নীতি মামলায় বিচারে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ জজ আদালত-৯ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের দুই নং ভবনে স্থানান্তরে গত ১২ মে জারি করা গেজেটকে কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না- মর্মে রুল চাওয়া হয়েছে রিট আবেদনে। এ ব্যাপারে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার  জানান, “খালেদা জিয়া একজন পাবলিক ফিগার। সাবেক প্রধানমন্ত্রীর যে কোনো ট্রায়াল পাবলিকলি হওয়া উচিৎ। কেরানীগঞ্জের কারাগারের একটি রুমে কখনও পাবলিক ট্রায়াল হতে পারে না। তাছাড়া আইনে আছে, মামলাটার বিচার মেট্রোপলিটন এলাকার মধ্যে হতে হবে। কিন্তু কেরানীগঞ্জের কারাগার ঢাকা মেট্রোপলিটন এলাকার বাইরে। আমরা মনে করি, মহামান্য সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ বেগম খালেদা জিয়ার প্রতি ন্যায় বিচার করবেন এবং আদালত স্থানান্তরের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটির কার্যকারিতা স্থগিত চেয়েছি, আশা করি আদালত স্থগিতাদেশ দেবেন।” বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। সুস্থ হলে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সিদ্ধান্তও ইতোমধ্যে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুর্নীতির মামলায় এক বছর আগে দণ্ডের পর পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যক্ত কারাগারে খালেদাকে রেখে তার বিরুদ্ধে অন্য কয়েকটি মামলার বিচারও সেখানেই চলছিল। এইচএ/ ইএন     
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়