ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ২ সেপ্টেম্বর ২০২০

ব্যাংক ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতে কড়া নির্দেশনা

ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাংক ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতের বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, যেই খাতে বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছে বা হবে ঠিক সেই খাতেই তা বিনিয়োগ করতে হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহককে যে উদ্দেশ্যে ঋণ দেয়া হয়েছে বা হবে সে উদ্দেশ্যেই ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করার জন্য সব বাণিজ্যিক ব্যাংককে পরামর্শ দেয়া হলো।

কিস্তিভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে আগের কিস্তির সঠিক ব্যবহার নিশ্চিত হয়ে পরবর্তী কিস্তি ছাড় করতে হবে। কোনো ঋণের অর্থ মঞ্জুরিপত্রে বর্ণিত খাতের পরিবর্তে অন্য কোনো খাতে বিনিয়োগ করা হলে ঋণ বিতরণ করা ব্যাংককে তার কারণ উদঘাটন করতে হবে। একইসঙ্গে তা রোধ করতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, গ্রাহককে যে ঋণ দেয়া হয়েছে, সেই ঋণের অর্থ দিয়ে গ্রাহক তার বিদ্যমান অন্য ঋণ বা বিনিয়োগের দায় পরিশোধ বা সমন্বয় করছে, যা ঋণ শৃঙ্খলার পরিপন্থী।

ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার যথাযথ পরিপালনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, একটি ঋণ বা বিনিয়োগের অর্থ দিয়ে কোনভাবেই অন্য কোনো ঋণ বা বিনিয়োগের দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়