ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ৩ সেপ্টেম্বর ২০২০

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির শপথগ্রহণ

ফাইল ছবি

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা ভার্চুয়ালি অংশ নেন।

এর আগে বুধবার হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বিচারপতি তারিক-উল হাকিম ১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবাও ছিলেন বিচারপতি, নাম মাকসুম-উল হাকিম।

বিচারপতি তারিক-উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।  তিরি ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।  ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।  তার স্ত্রী  নাসিমা কে. হাকিম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আছেন।
 
বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সলে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ছিলেন।

এদিকে নতুন দুজন বিচারপতি নিয়োগের ফলে এখন আপিল বিভাগের বিচারপতি সংখ্যা দাঁড়ালো আটজনে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়