ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:০৩, ৫ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ১২

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে মসজিদের মুয়াজ্জিন ও এক শিশু রয়েছে।

রাশেদ (৩৪) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে বলে শনিবার বেলা ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এর আগে সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিল। বাকি যারা ভর্তি আছেন, তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।’

সামন্ত লাল আরও বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়ে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।’

এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), যুবায়ের (৭), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮) সাব্বির (২১), রাশেদ (৩৪) ও কুদ্দুস ব্যাপারী (৭২)।

শুক্রবার নারায়ণগঞ্জে  সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়।

প্রাথমিকভাবে মসজিদের ছয়টি এসি একযোগে বিস্ফোরিত হয় বলে জানা গেছে। মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিক থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়