ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:০০, ৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:০৯, ৫ সেপ্টেম্বর ২০২০

গ্যাসের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ ঘটতে পারে

গ্যাসের লিকেজ থেকে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার দুপুরে দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে যান তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত এই ঘটনায় ১৬ জন মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। তাদের চিকিৎসার জন্য সবাই যোগাযোগ রাখছেন।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জের ওই এলাকাটি অনেক ঘনবসতিপূর্ণ। রাস্তার পাশ দিয়ে এলোমেলোভাবে গ্যাস পাইপলাইন চলে গেছে। গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে মসজিদের ফ্লোর করা হয়েছে, সেখান থেকেই লিকেজে বিস্ফোরণ ঘটতে পারে। তবে তদন্ত রিপোর্ট আসলে বলা যাবে আসল কারণ।”

যে সকল মসজিদে এ রকম এসি লাগানো হয়েছে সেখানে যেন সাবধানতা অবলম্বন করা হয়। এই ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে আশা করছি। নিম্নমানের তার, সার্কিট ব্রেকার ব্যবহার থেকে বিরত থেকে সাবধানতা অবলম্বন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের তল্লায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণের কথা বলা হলেও গ্যাস থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন।

দুর্ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, মসজিদের সামনের গ্যাসের লাইনে লিকেজ ছিল। ধারণা করা হচ্ছে এসি চালানোর সময় জানালা বন্ধ থাকায় ওই গ্যাস ভেতরে জমা হয়ে যায়। হঠাৎ কেউ বৈদ্যুতিক সুইচ অফ-অন করতে গেলে স্পার্ক থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

মসজিদের মেঝের নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। পানি দেওয়ার সময় বুদ বুদ করে গ্যাস বের হচ্ছিল। আমরা ধারণা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দ্রুত এখানে এসে আমাদের ধারণাকে নিশ্চিত করে। তারা জানান, গ্যাসের লাইন থেকেই এই বিস্ফোরণ হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়