ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:০১, ৬ সেপ্টেম্বর ২০২০

ঢাকার বাইরে বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে

স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক জানিয়েছেন, ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে। রোববার বেলা ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের খোঁজখবর নিতে এসে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে সজ্জিত পোড়া রোগীদের হাসপাতাল। বিদেশি চিকিৎসকরাও এখানে ট্রেনিং দিয়েছেন। আগে তো এই চিকিৎসা ব্যবস্থাও ছিল না। এখানে আগুনে পোড়া সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণে ৩৭ জন রোগীকে এখানে ভর্তি করা হয়। এখানকার চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করে তাদের চিকিৎসা দিচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য হলো প্রায় সব রোগীরই শ্বাসনালি পুড়ে গিয়েছে। আমি সব রোগীকেই দেখে আসলাম। এখন পর্যন্ত ২৪ জন মারা গেছে, আর ১৩ জন এখনো চিকিৎসাধীন আছে। কিছু রোগী আশা করি বেঁচে যেতে পারেন, তবে বেশির ভাগের অবস্থাই ভালো না।

তিনি বলেন, ইনস্টিটিউটের পরিচালক, সমন্বয়কসহ সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এদের খোঁজখবর নিচ্ছেন ও পরামর্শ দিচ্ছেন। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এদের সবাইকে সারিয়ে তোলা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যদি কারও গাফিলতিতে ঘটে থাকে তাহলে অবশ্যই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়