ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২০

প্রতিবেদন বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী কাজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমিটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট নিয়ে এসেছে। রিপোর্টে কী আছে আমরা এখনও দেখিনি। তারা আমাদের কাছে জমা দিয়ে তাদের কার্য শেষ হয়েছে জানিয়ে যাবেন। পরবর্তী সময়ে আমাদের সচিব মহোদয় এগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন।’

‘আপনারা নিশ্চয় জানেন, এটার পুলিশি তদন্ত চলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই কারণে আমরা প্রকাশ্যে কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটার সম্বন্ধে জানিয়ে দেব, আদালত মনে করলে এটাকে আমাদের কাছ থেকে অফিসিয়ালি নিয়ে যাবেন, এটাই হয়ে থাকে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আদালত তদন্তের জন্য হয়তো এটা নিয়েও নিতে পারেন। আমরা এ সম্পর্কে কিছু জানি না, এটা আদালতের এখতিয়ার। যাদের নামে রিপোর্ট আসবে, পরবর্তীতে করণীয় কী আপনাদের জানাবো।’

এই হত্যা পরিকল্পিত কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত রিপোর্ট আমার কাছে মাত্র এলো। এর ভেতর কী লেখা আছে, কী উল্লেখ আছে- আমরা তো জানি না কিছু। আমরা বের করে নেই, আমরা এগুলো স্টাডি করি তারপরে আপনাদের জানাতে পারবো।’

সুপারিশ কী এসেছে- এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো এখনও দেখিনি। বন্ধ অবস্থায় আছে।’

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য কী উদ্যোগ নিয়েছেন- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘দেখুন, এটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা মনে করি এ ধরনের ঘটনা আর না ঘটুক। কেন ঘটেছে, কীভাবে ঘটেছে এগুলো পুরোপুরি বিশ্লেষণ এখানে রয়েছে। সেগুলো আমাদের স্টাডি করতে হবে। আর আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে, সবাই সজাগ রয়েছে, আমরা মনে করি যে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে, আমরা সবাই সজাগ রয়েছি।’

দুই বাহিনীর (পুলিশ ও সেনাবাহিনী) মধ্যে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘দুই বাহিনীর মধ্যে গুজব ছড়িয়ে এদের অসস্তুষ্ট করবে আমরা এ ধরনের উপাদান পাইনি। আমরা মনে করি চকৎকার একটি পরিবেশ রয়েছে, আমরা দেখেছি পুলিশ প্রধান ও সামরিক বাহিনীর প্রধান দু’জনে মিলে কক্সবাজারে গিয়েছেন। তারা ব্রিফ করেছেন, কাজেই দুই বাহিনীর ভেতরে কিছু মতপার্থক্য রয়েছে এগুলো সত্য নয়। চমৎকার পরিবেশ রয়েছে, দুই বাহিনী একসাথে কাজ করছে।’

একটি ভিডিও বের হয়েছে, সেখানে দেখা গেছে গ্রেফতার পুলিশ কর্মকর্তা প্রদীপ বলছেন, আমাকে নির্যাতন করা হয়েছে- এ বিষয়ে জানেন কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভিডিও কোথা থেকে কী হচ্ছে আমরা সেগুলো নজরে আনি না। তথ্যভিত্তিক যেসব সংবাদ আমাদের কাছে আসে সেগুলোই আমরা নজরে আনি, সেগুলোই আমরা গ্রহণ করি।’

গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়