ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ৮ সেপ্টেম্বর ২০২০

অসৎ উদ্দেশ্যে জিনিয়াকে অপহরণ করে লোপা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহৃত ফুল বিক্রেতা জিনিয়াকে (৯) উদ্ধার করেছে মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগ। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে ডিবি।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, লোপা তালুকদার ‘অসৎ উদ্দেশ্যে’ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ভিকটিম জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। সে ছোট বেলা থেকেই মা সেনুয়া বেগমের সঙ্গে টিএসসিতে থাকত। তিনি গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্রে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায়, দুইজন মহিলা ভিকটিমকে ফুচকা খাওয়ান এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করেন। একপর্যায়ে ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় সোমবার শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধার করা হয়। পরে অপহরণের অভিযোগে লোপা তালুকদারকে গ্রেফতার করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়