ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধুকে অবমাননা: চাকরিচ্যুত হলেন ঢাবি শিক্ষক মোর্শেদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় তাকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুসারেই তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মার্চ জাতীয় একটি দৈনিকের স্বাধীনতা দিবস সংখ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম-আহ্বায়ক মোর্শেদ হাসান খান ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন।

নিবন্ধটিতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন। একই নিবন্ধে তিনি আরো লিখেছিলেন, ওই সময় আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই পরিবার-পরিজন নিয়ে পালিয়ে যান, এমনকি বঙ্গবন্ধুও।

এ লেখা প্রকাশিত হওয়ার পর ছাত্র সমাজের বিক্ষোভ ও তোপের মুখে পড়ে অধ্যাপক মোর্শেদ। পরে ওই পত্রিকাতেই একটি বিজ্ঞপ্তি দিয়ে লেখাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং বঙ্গবন্ধু-সংশ্লিষ্ট অংশটুকু প্রত্যাহার করে নেন।

নিবন্ধটির মাধমে বঙ্গবন্ধুকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ২০১৮ সালের ২ এপ্রিল অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়