ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ১২ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণ: আইসিইউতে ভর্তি ৫ জন শঙ্কামুক্ত নন

নারায়ণগঞ্জে মসজিদে  বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজন এখনো শেখ হাসিনা বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। তাদের অবস্থার উন্নতি হলেও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘চিকিৎসাধীন পাঁচজন আইসিইউতে আছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নন।’

পার্থ শংকর বলেন, ‘কয়েকজনের বার্নের পরিমাণ কিছুটা কম। তাদের অবস্থাও আগের চাইতে কিছুটা উন্নত। কিন্তু শ্বাসনালি দগ্ধ হওয়ায় তাদের শঙ্কামুক্ত বলা যাবে না।’

তিনি বলেন, ‘সারা বিশ্বে দগ্ধদের যে চিকিৎসা হয়, এখানেও একই ধরনের চিকিৎসা হচ্ছে। তাদের চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না। প্রধানমন্ত্রী সব সময় দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। গতকাল (শুক্রবার) রাতেও তিনি ফোনে খবর নিয়েছেন।’

বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন- ময়মনসিংহের ত্রিশালের আবদুর রহমানের ছেলে ফরিদ (৫৫), পটুয়াখালীর চুন্নু মিয়ার ছেলে মোহাম্মদ কেনান (২৪), নারায়ণগঞ্জের ফতুল্লার নিউখানপুর ব্যাংক কলোনির আনোয়ার হোসেনের ছেলে রিফাত (১৮), শরীয়তপুরের নড়িয়া কেদারপুর গ্রামের মনু মিয়ার ছেলে আবদুল আজিজ (৪০) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসিরহাট গ্রামের আবদুল আহাদের ছেলে আমজাদ (৩৭)।

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে ইতোমধ্যে ৩১ জন মারা গেছেন। একজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়