নিজস্ব প্রতিবেদক
মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
একইসঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষের আবেদনের ওপর আগামী পহেলা ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।
রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের আবেদনে বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন।
আদালতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীপক্ষে ছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
হাইকোর্ট বেঞ্চ গত ৯ সেপ্টেম্বর এক অন্তবর্তীকালীন আদেশে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন। সাতদিনের মধ্যে এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে জমা দিতে প্রতি নির্দেশ দেয়া হয়। এই টাকা পাওয়ার পর তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি রুল জারি করেন আদালত। রুলে হতাহতের প্রত্যেকের পরিবারকে কেন ৫০ লাখ টাকা করে দিতে নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের মেয়র, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, রাজউক চেয়ারম্যান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও এসপিসহ ১৩ জনকে রুলের জবাব দিতে হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী নারায়ণগঞ্জের বাসিন্দা ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। গত ৭ সেপ্টেম্বর এ রিট আবেদন করেন ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত ৩১ জন মুসল্লি মারা গেছেন। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৫ জন এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। তাদের অবস্থার কিছুটা উন্নতি হলেও অবস্থা আশঙ্কাজনক।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























