ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে  তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রীভা গাঙ্গুলি দাস বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে কূটনীতিক দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে।

তিনি আরো বলেন, দুদেশের সরকার এবং পিপল টু পিপল কন্টাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমুখী। 

দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস তার সাক্ষাতে বলেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ  রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। বিদায়ী বেলায় বাংলাদেশকে অনেক মিস করবেন বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়