ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২০

২৪ দিন ইকামার মেয়াদ বাড়ালো সৌদি

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। ২২ সেপ্টেম্বর থেকে এর মেয়াদ আরো ২৪ দিন বাড়ানো হয়েছে। 

বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, সৌদি আরবে চারদিন বর্ধিত ছুটি ছিলো। আজকেই খুলেছে। সৌদি আরবের যারা খোঁজ রাখেন তাদের এটা জানা উচিত (কোনো ‘ছাত্র অধিকার আন্দোলন’ এটা জানার কথা নয়)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো লেখেন, সৌদি সরকার আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিচের সিদ্ধান্তগুলো নিয়েছে-

আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত (মানে আজ থেকে আরও ২৪ দিন) বর্ধিত করা হয়েছে। বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস রোববার থেকে খোলা থাকবে। যেখানে কোভিড-১৯ সংক্রান্ত নতুন নিয়মাবলি মেনে কনসুলার সেবা প্রদান করা হবে।

উল্লেখ্য, কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিটের পেছনে ছুটেছেন সৌদিপ্রবাসী শ্রমিকরা। দফায়-দফায় সড়ক অবরোধ আর মন্ত্রণালয়ে ছুটোছুটি করে আকুতি জানিয়েছেন টিকিটের জন্য।

এমন পরিস্থিতিতে দেশে আটকাপড়াদের কাজের অনুমতিপত্র ও ভিসার মেয়াদ বাড়াতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ। ওই চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, আকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়