ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৫, ২৪ অক্টোবর ২০২০

রফিক-উল হক অ্যাটর্নি জেনারেল হিসেবে বেতন নিয়েছিলেন ১ টাকা

ব্যারিস্টার রফিক-উল হক

ব্যারিস্টার রফিক-উল হক

আইনি অধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে তিনি ছিলেন একজন ব্যতিক্রমী অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল হিসেবে যে সম্মানী পেতেন তার পুরোটাই রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতেন। তবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের প্রথম মাসে তিনি তার সম্মানী থেকে ১ টাকা গ্রহণ করেছিলেন।

এ বিষয়ে আজ (শনিবার) দুপুরে ব্যারিস্টার রফিক-উল হকের জুনিয়র ব্যারিস্টার অনিক আর হক ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার রফিক-উল হক স্যার। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম মাসে শুধু তার সম্মানী থেকে ১ টাকা নিয়েছিলেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল হিসেবে তার বেতনের পুরো টাকাই রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিতেন।

ব্যারিস্টার রফিক-উল হক তার বর্ণাঢ্য জীবনে আইন পেশায় প্রায় ৬০ বছর পার করেছেন। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াই করেন তিনি।

দেশে সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন। গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী।

ব্যারিস্টার রফিক উল হককে গত ১৫ অক্টোবর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ২০ অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়