ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২৬ অক্টোবর ২০২০

রাজধানীর দক্ষিণখানে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণখান থেকে চাঞ্চল্যকর কিশোরী (১৩) অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাকিল (২১) ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ (সোমবার) তাদের নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাবের সদর দপ্তর।

গত ১২ সেপ্টেম্বর আশকোনা হাজী ক্যাম্প রোডে এক আইসক্রিম ফ্যাক্টরির সামনে থেকে ১৩ বছর বয়সী একজন কিশোরীকে অপহরণ করা হয়। দীর্ঘদিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। 

ভুক্তভোগীর বাবা-মা জানায়, আসামি মো. শাকিল (২১) তার পরিবারসহ একই এলাকায় বসবাস করে আসছিল। দীর্ঘদিন যাবত সে ভিকটিমকে প্রেম-ভালোবাসাসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত। বারবার প্রত্যাখাত হয়ে শাকিল ক্ষুব্ধ হয়ে তাদের মেয়েকে অপহরণের পরিকল্পনা করে। ঘটনার দিন অভিযুক্ত শাকিল ও তার অন্যান্য সহযোগীরা মিলে ভুক্তভোগীকে কৌশলে বাসা থেকে বের করে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। 

পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোঁজ করে কোথাও না পেয়ে, সন্দেহবশত অভিযুক্ত শাকিলের বাসায় খোঁজ করলে অপহরণের ঘটনা জানতে পারে। 

বিষয়টি শাকিলের বাবা মো. জাকির হোসেনকে (৩৭) জানালে তাদের কথায় কর্ণপাত না করে, উল্টো ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে শাসায় এবং বলে, তাদের মেয়ে যেখানে আছে ভালো আছে। সে আরো জানায়, মেয়ের বিষয়ে থানা-পুলিশে যোগাযোগ করলে তারা আর কখনো মেয়েকে দেখতে পাবে না। 

মেয়ের নিরাপত্তার কথা ভেবে ভুক্তভোগীর বাবা-মা থানায় কোনো যোগাযোগ করা থেকে বিরত থাকে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ করে বিষয়টি সমাধান করার চেষ্টা করে। 

পরে মেয়েকে না পেয়ে নিরুপায় হয়ে দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা দায়ের করে পরিবার। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কালাদী এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ও ধর্ষক শাকিল ও তার সহযোগী জাকির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অপহরণের পর আসামি শাকিল (২১) তার চাচা মো. আবুল কালাম এর সহায়তায় ভিকটিমকে নিয়ে ঢাকা থেকে পিরোজপুরে যায়। সেখানে মৌলভী ডেকে ভিকটিমকে জোরপূর্বক মৌখিকভাবে শাকিলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। ভিকটিমকে আসামি শাকিলের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে বাধ্য করা হয়। 

পরে ৪ অক্টোবর আবুল কালাম নারায়ণগঞ্জে নিজ বাসার সঙ্গে একটি টিন-শেড রুম ভাড়া করে তাদের সেখানে নিয়ে আসে। এই সম্পূর্ণ ঘটনা শাকিলের বাবা জাকির হোসেন জেনেও ভুক্তভোগীর পরিবারকে কিছু অবহিত না করে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে তাদের চাপের মধ্যে রাখে। 

উদ্ধার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়