ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ৩১ অক্টোবর ২০২০

‘ডিসি-ওসিরা কথা না শুনলে আমার কাছে আসুন’

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম

নাগরিকদের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা মেট্রোপলিটন উপ-কমিশনার (ডিসি) বা থানার অফিসার ইনচার্জ (ওসি) আপনাদের অভিযোগ না শুনলে আমার কাছে আসুন। আমার দুয়ার সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমি নিজেই আপনাদের সঙ্গে নিয়ে এলাকায় যাব।’ 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপিত হচ্ছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের কিছু দোষ-ত্রুটি থাকলেও সর্বত্রই নিরলসভাবে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। জনগণের জানমালের নিরাপত্তা থেকে করোনা মহামারিতে মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছে।’ একইসঙ্গে মানুষের অভাব অভিযোগ শুনে করণীয় সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

‘ঢাকা শহরে ৩৫ থেকে ৩৬ হাজার পুলিশ সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, কিন্তু এটাই যথেষ্ট না। সুদৃঢ় নিরাপত্তার জন্য দরকার জনগণের সম্পৃক্ততা। এ কারণেই গত পাঁচ বছর ধরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে। সেখানে এলাকার জনপ্রতিনিধি, সাধারণ জনগণ পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে’- বলেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ডে অবদানের জন্য মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়