ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৩ নভেম্বর ২০২০

‘জেল হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হবে’

সংগৃহীত

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় চার নেতা হত্যার সাথে শুধু বিপথগামী সেনাসদস্যই নয় এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিলো, যারা সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সংরক্ষিত জাতীয় চার নেতার হত্যাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলখানার ভেতরে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকি খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। একে একে সবাইকে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।’

এ সময় জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এএইচএম এহছানুজ্জামান বলেন, দিনটি ছিল জাতির জন্য কলঙ্কের। কারাগারের ভেতরে যেখানে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই জাতীয় এই চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে আমরা খুবই আশাবাদী এই ঘটনায় যাদের বিচার হয়েছে, তাদেরকে সরকার ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করবে।

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম বলেন, কারাবিধি লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় কারাগারে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তখন কারা কর্তৃপক্ষের কী ধরনের ভূমিকা ছিল, সেটিও তদন্ত করে দেখা উচিত। কেননা একজন অবৈধ হুকুম দিলেই আইনের বিপরীতে এ ধরনের কাজ করা অবশ্যই অপরাধ। আমি জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনায় বিধি লঙ্ঘনসহ কারা অধিদফতরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানাই।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম, কারা অধিদফতরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রমুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়