ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ৩ নভেম্বর ২০২০

বাংলাদেশের শরণাপন্ন মিজোরাম

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম ও মিজোরাম রাজ্যের মধ্যে ব্যাপক সীমান্ত বিরোধ বিরাজ করছে। এর জেরে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে। ফলে মিজোরাম রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা দিয়েছে।

এই অবস্থায় মিজোরাম সরকার প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমার থেকে এসব জিনিসপত্র আমদানির উদ্যোগ নিয়েছে। মিজোরাম সরকারের শীর্ষ কর্মকর্তা নিজেই বাংলাদেশের একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টেলিফোন করে বিষয় জানান মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি অমিত শাহকে বলেন, সীমান্তে আসাম শত শত ট্রাক আটকে দিয়েছে। ফলে তার রাজ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক আকাল দেখা দিয়েছে। এমতাবস্থায় তার সরকার সীমান্তঘেঁষা বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে চাল, ডাল, নুন, তেল ও রান্নার গ্যাসের মতো নিত্যপণ্য আমদানির পদক্ষেপ নিয়েছে।

সে সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে সাময়িকভাবে জট খোলে। তবে ফের কয়েক দিন হলো মিজোরাম ও আসাম সীমান্তে নতুন করে অচলাবস্থা শুরু হয়েছে। এর পরই মিজোরাম সরকার কোনো উপায় না পেয়ে প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমার থেকে পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে মিজোরাম রাজ্যের মুখ্য সচিব লালনুনমুইয়া চুয়াংগো টেলিফোনে গণমাধ্যমটিকে বলেন, বর্তমানে সীমান্তে যে অবস্থা, তাতে বাংলাদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মিজোরামে আনা খুব সহজ হবে না। তাছাড়া খরচও অনেক বেশি পড়তে পারে।

তবে মিজোরামের ‘লাইফলাইন’হিসেবে পরিচিত ন্যাশনাল হাইওয়ে দিনের পর দিন অবরুদ্ধ রয়েছে। ফলে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা দিয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতির কারণেই বাংলাদেশ থেকে এসব পণ্যসামগ্রী আমদানির উদ্যোগ নিতে বাধ্য হতে হয়েছে বলে জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়