ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ৬ নভেম্বর ২০২০
আপডেট: ১২:১৩, ৬ নভেম্বর ২০২০

রাজধানীতে হাত-পা বাঁধা তরুণীর গলিত মরদেহ উদ্ধার 

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মুগদা দক্ষিণ মান্ডা এলাকায় একটি ভবনের তৃতীয় তলা থেকে লিমা আক্তার (২১) নামের এক তরুণীর পচা-গলিত ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আজ (বৃহস্পতিবার) দুপুরে ময়নাতদন্তের জন্য লিমার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

লিমা শরীয়তপুরের পালং থানার আঙ্গারিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে।

মৃত লিমার ভাই মো. সুমন জানান, কমলাপুর ‘কবি জসীম উদ্দীন রোডের ১১/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো লিমা। গত জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে মনোমালিন্য করে সে এক লাখ টাকা নিয়ে বেরিয়ে যায়। তারপর থেকে তার সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না পরিবারের। 

‘পরে জানতে পারি নিলয় নামের এক ছেলের সঙ্গে ১৫-২০ দিন আগে তার বিয়ে হয়েছে। ওই এলাকার মানুষের কাছে শুনেছি, নিলয় মাদকাসক্ত ছিল।’

তিনি আরো বলেন, সে (নিলয়) লিমাকে বিভিন্নভাবে টাকার জন্য চাপ দিত, নির্যাতন করত। ধারণা করা হচ্ছে- টাকাগুলো হাতিয়ে নিয়ে লিমাকে শ্বাসরোধ করে হত্যা করেছে নিলয় ও তার বন্ধুরা। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
 
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হুসাইন জানান, দক্ষিণ মান্ডায় একটি ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে দুই হাত বাঁধা অবস্থায় লিমা নামের ওই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তখন তার গলায় ওড়না পেচানো ছিল। 

ধারণা করা হচ্ছে, তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে আরো ২-৩ দিন আগে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়