ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ৬ নভেম্বর ২০২০

৭০০ পাখি উড়াল দিল আকাশে

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ার ইটখোলা এলাকা থেকে দেশীয় তিন প্রজাতির টিয়া, ঘুঘু ও ময়নাসহ ৭১০টি পাখি উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র‌্যাব। এসব পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এনে খাঁচা থেকে অবমুক্ত করা হয়েছে। 

আজ (শুক্রবার) গ্রেফতারদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন ‌র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

গ্রেফতাররা হলেন- চাঁন মিয়া, রহমত শেখ, উসমান গণি ও রফিকুল ইসলাম।

এ সময় সারওয়ার আলম বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী দেশীয় বিপন্ন প্রজাতির পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একটি সংঘবদ্ধ চক্র বগুড়া ও উপকূলীয় এলাকা থেকে নিয়ে এসে বেশকিছু দিন ধরে ব্যবসা করছে।’

সারওয়ার আলম বলেন, এর আগেও আমরা বড় অপারেশন করেছি এবং বেশকিছু লোককে শাস্তির আওতায় আনা হয়েছে। এরপরও চক্রটি অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সংঘবদ্ধ চক্রটিকে ধরতে বনবিভাগ ও র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিপন্ন প্রজাতির প্রাণী যেখানেই বিক্রি হোক জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বিভিন্ন এলাকায় পাখির হাট বসে। এছাড়া বেশ কিছু স্থানে স্থানীয় পাখি বিক্রির হাট রয়েছে। সেখানে বন্য প্রাণী বিক্রির অভিযোগ রয়েছে। এসব স্থানে অভিযান চালানো হবে কি-না এমন প্রশ্নের জবাবে র‍্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন, এসব স্থানে আমাদের বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের নিয়মিত নজরদারি রয়েছে। পাশাপাশি আমরাও নজর রাখছি। যে সমস্ত এলাকায় বা বাজারে পাখি বিক্রির হাট রয়েছে সেখানে কোনও বন্যপ্রাণী বা বিপন্ন প্রজাতির প্রানী বিক্রি করা হলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাইনা কেউ অপরাধ করুক। তবে কেউ যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে  বিভিন্ন ধরনের বন্য প্রাণী বিক্রি করার অভিযোগ আছে এমন প্রশ্নের জবাবে সারওয়ার আলম বলেন, বন বিভাগের পাশাপাশি র‍্যাবের সাইবার ইউনিট সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে অনলাইনে কেউ অবৈধ ব্যবসা করছে কি-না। বিশেষ করে যারা সরকার, রাষ্ট্রবিরোধী বিশেষ করে পরিবেশবিরোধী কর্মকাণ্ড করে তদেরকে আইনের আওতায় আনা হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়