ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ২০:২৫, ১১ নভেম্বর ২০২০

দেশের সব বেসরকারি হাসপাতাল পরিদর্শন করবে সরকার

সরকার সারাদেশে অনুমোদিত এবং অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসমূহ পরিদর্শন শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।  

বুধবার (১১ নভেম্বর) তিনি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

এসময় ৯ অক্টোবর হাসপাতালের কর্মীদের ধস্তাধস্তিতে মারা যাওয়া সিনিয়র এএসপি আনিসুল করিমের বিষয়ে খুরশিদ আলম বলেন, ‘যেকোনো মৃত্যু দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। আমার একজন পুলিশ অফিসার এভাবে মারা যাবেন, এটা কারোরই কাম্য নয়। এ ঘটনার জন্য আমরা দুঃখিত, অনুতপ্ত।’

তিনি বলেন, ‘হাসপাতাল নামে যেটা চলছিল সেটার কোনো অনুমোদন ছিল না। মাদকাসক্তি নিরাময় ও মানসিক চিকিৎসা, দুটো আলাদা জিনিস, আবার অনেক ক্ষেত্রে সম্পৃক্ত। তারা বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদন ছিল, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন ছিল না।’

তিনি বলন, ‘কিন্তু মানসিক চিকিৎসা করতে হলে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হবে। তার পরিপ্রেক্ষিতে এটা বন্ধ করে দিয়েছি’।

অননুমোদিত হাসপাতালে এরকম মৃত্যু বন্ধে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, জানতে চাওয়া হলে মহাপরিচালক বলেন, ‘সবগুলো পরিদর্শন করতে আমরা একটা জরুরি মিটিং করেছি। আমরা একটা কমিটি করেছি। প্রত্যেক এলাকার সিভিল সার্জনদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সঙ্গে প্রশাসন। কারণ, আমরা একা এটা করতে পারব না, এটার সঙ্গে প্রশাসন লাগবে, পুলিশের সাহায্য লাগবে, আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেটের সাহায্য লাগবে। তাদের নিয়ে আমরা এটা করতে পারব। আশা করছি এ মাসের মধ্যে শুরু করতে পারব।’

সারাদেশে লাইসেন্সসহ মোট ৬ হাজার ৬৭টি প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে হাসপাতাল ২ হাজার ১৩০টি, ডায়াগনস্টিক সেন্টারে ৩ হাজার ৮৫৬টি, ব্লাড ব্যাংক ৮১টি।’

খবর: ইউএনবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়