আইনিউইজ ডেস্ক
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট শুরু
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ, বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের আট প্রার্থী এ দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা)। আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করা হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতায় এ দুই আসনে উপনির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপিসহ এ দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় রাজনৈতিক দলের আট প্রার্থী।
ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী।
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহতাবউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন হতে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে প্রতি কক্ষে হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যুর ব্যবস্থা রয়েছে। ভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। প্রতিটি ভোটকক্ষের জন্য একটি করে ইভিএমও অতিরিক্ত প্রস্তুত রাখা হয়েছে। কোনোভাবে কোনো কক্ষে ত্রুটি বা সমস্যা হলে সঙ্গে সঙ্গে তা রিপ্লেস করা বা ত্রুটিমুক্ত রাখার বিষয়ে প্রস্তুতি রয়েছে আমাদের।’
সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার আবুল হেসেন বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক আনসার ও পুলিশ মোতায়েন রয়েছে।’
এদিকে এ দুই আসনে ভোটের দিন শুধু নির্বাচনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি সব অফিস খোলা থাকবে। তবে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা করে ইসি।
ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন।
এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন।
তারা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।
সিরাজগঞ্জ-১ আসন কাজীপুর উপজেলা, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























