ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ১৪ নভেম্বর ২০২০

‘শিশুদের নোবেল’ জিতল নড়াইলের সাদাত

সাদাত রহমান

সাদাত রহমান

‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের সাদাত রহমান। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে ১৭ বছর বয়সী সাদাত এ পুরস্কার জিতেছে।

শুক্রবার নেদারল্যান্ডে এক অনুষ্ঠানে মানবাধিকারকর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিজয়ী সাদাত রহমানের নাম ঘোষণা করেন। কিডস রাইটস এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর ইভান্না ওরতেজা সেরেট ও আয়ারল্যান্ডের সিয়েনা ক্যাস্টেলনকে পেছনে ফেলে এ পুরস্কার অর্জন করলো সাদাত। সাদাত নড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

গত বছর সুইডেনের শিশু পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ক্যামেরুনের ডিভিনা মালম যৌথভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পান।

সাদাত সম্পর্কে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়েছে, সে একজন ‘তরুণ চেঞ্জমেকার’ ও ‘সমাজসংস্কারক’। সাইবার বুলিংয়ের শিকার হয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীর আত্মহত্যার পর কাজে নামে সাদাত। সে তার বন্ধুদের সহায়তায় ‘নড়াইল ভলান্টিয়ারস’ নামের একটি সামাজিক সংগঠন শুরু করে।

এই সংগঠন বেসরকারি সংস্থা একশনএইডের ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ–২০১৯’–এ বিজয়ী হয়ে তহবিল পায়।

এই তহবিলের মাধ্যমে তারা ‘সাইবার টিনস’ মোবাইল অ্যাপ তৈরি করে। এই অ্যাপের মাধ্যমে কিশোর–কিশোরীরা জানতে পারে কীভাবে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থাকতে পারে। প্রায় ১ হাজার ৮০০ কিশোর–কিশোরী এই অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপের মাধ্যেম ৬০টির বেশি অভিযোগের মীমাংসা হয়েছে এবং ৮ জন সাইবার অপরাধীর শাস্তি নিশ্চিত হয়েছে। বর্তমানে সাদাত ‘সেফ ইন্টারনেট, সেফ টিনএজার’ নামের একটি কর্মসূচি হাতে নিয়েছে। সে এবং তার বন্ধুরা ইন্টারনেট নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে স্কুলে স্কুলে সেমিনার–কর্মশালা করছে।

২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে ‘কিডস রাইটস’ নামের একটি সংগঠন। শিশুদের অধিকার উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেয়া হয়। ১২ থেকে ১৮ বছর বয়সীরা ওই পুরস্কার পাওয়ার যোগ্য।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়