ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ১৫ নভেম্বর ২০২০

শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলার প্রতিবেদন পেছাল

ফাইল ছবি

ফাইল ছবি

সাংবাদিকদের ‘চোর’ বলে সম্বোধন করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল জন্য ১০ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।  

আজ (রবিবার) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালত এ দিন ধার্য করেন। 

এর আগে গেল গত ১৮ অক্টোবর মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন একই আদালত। তবে আজও মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ তারিখ ঠিক করা হয়।

গেল বছরের ২৫ নভেম্বর মামলার বাদী স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান পুলিশের দেয়া প্রতিবেদনের ওপর নারাজি দিলে শুনানি শেষে আদালত মামলাটি পুনঃতদন্তে পিবিআইকে নির্দেশ দেন। 

এর আগে গেল বছরের ২৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এ মামলায় বাদীর অভিযোগের সত্যতা খুঁজে পাননি বলে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। ওইদিনই বাদী আদালতে ওই প্রতিবেদনের ওপর অনাস্থা প্রকাশ করলে আদালতের নির্দেশে মামলার তদন্তভার যায় পিবিআইয়ের হাতে। 

পুলিশের দেয়া ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, শমী কায়সারের বক্তব্যে কোনও মানহানিকর ঘটনা ঘটেনি। মামলার বাদী এ বিষয়ে সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারেননি। 

এর আগে গত ৩০ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলা করেন স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানার পরিদর্শককে (তদন্ত) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গেল বছরের ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠানে শমী কায়সারের দুটি মোবাইল চুরি হয়। 

ওই অনুষ্ঠানে শমী অভিযোগ করেন, সাংবাদিকরা মোবাইল চুরি করেছেন। তিনি তার নিরাপত্তাকর্মীদের দিয়ে সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করান। কেউ ঘটনাস্থল থেকে বের হতে চাইলে তাদের ‘চোর’ বলে উঠেন শমীর দেহরক্ষীরা। এতে অনুষ্ঠানস্থলেই চরম ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। 

এক পর্যায়ে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দুটি নিয়ে গেছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়