ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:০৩, ২২ নভেম্বর ২০২০

তিন মামলায় ১৮ দিনের রিমান্ডে গোল্ডেন মনির

সংগৃহীত

সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানায় করা পৃথক তিন মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রোববার গোল্ডেন মনিরকে হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক তিন মামলায় তাকে সাতদিন করে ২১ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক অস্ত্র মামলায় ৭ ও বিশেষ ক্ষমতা আইনে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে বিচারক বলেন দুই মামলার রিমান্ড একসঙ্গে কার্যকর হবে। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান মাদক মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার সকালে রাজধানীর বাড্ডা থানায় র‌্যাব বাদী হয়ে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা দায়ের করে।

রাজধানীতে অবৈধ অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রা রাখার অভিযোগে অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার রাতে মেরুল বাড্ডার ১৩ নম্বর রোডের ৪১ নম্বর বাড়ির ঘেরাও করা হয়।  শনিবার সকালে গোল্ডেন মনিরকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়। অভিযানের সময় মনিরের বাসা থেকে মাদক, অস্ত্র ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়