ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

ভোলা সংবাদদাতা

প্রকাশিত: ২১:১৫, ২৩ নভেম্বর ২০২০

চরফ্যাশনে দুইদিনের নবজাতক রেখে মায়ের আত্মহত্যা!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোলার চরফ্যাশনে দুইদিনের নবজতাক রেখে মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শ্বশুরবাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি- তাকে হত্যা করে আত্মহত্যা বলে অপপ্রচার চালানো হচ্ছে।

মৃত খাদিজা নাসরিন (৩০) চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডের ফারুক হোসেনের মেয়ে। তিনি ভোলার চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহকারী ছিলেন। 

আজ (সোমবার) খাদিজার মৃতদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। রবিবার রাতে ৯নং ওয়ার্ডের কালিয়াকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

চরফ্যাশন থানায় আজ এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। 

খাদিজার ভাই মো. সাইফুল ইসলাম রুবেল জানান, গত ২১ নভেম্বর সন্ধ্যায় আমার বোনের একটি ছেলে হয়েছে। পরদিন হাসপাতাল থেকে আমার বোনকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি তাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আত্মহত্যার অপপ্রচার চালানো হচ্ছে। 

দুই বছর আগে কালিয়াকান্দি এলাকায় আবুল হোসেন দেওয়ানের ছেলে কামাল হোসেন দেওয়ানের সঙ্গে বিয়ে হয় খাদিজার।

জানা যায়, এর আগেও কামাল হোসেনের দুই স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় সমঝোতার মাধ্যমে তারা মেয়েকে ছাড়িয়ে নেয়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কামালের একটি মামলা-মোকদ্দমা চলছে। 

পরিকল্পিতভাবে খাদিজাকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবি তার পরিবারের।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন বলেন, খাদিজা নাসরিনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা রিপোর্ট আসার পরে জানা যাবে।

অপমৃত্যুর মামলায় কাউকে আসামি করা হয়নি বলেও জানান তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়